অনলাইনে এনআইডি কপি দিচ্ছে ইসি
চলমান করোনা পরিস্থিতিতে সরকারি ছুটির মধ্যেই এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে এনআইডি সেবা চালু করেছে সরকার।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক ভিডিও কনফারেন্সিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
তিনি বলেন, করোনা মহামারীতে আক্রান্ত সারা দেশ তথা বিশ্ব, এই সংকটময় পরিস্থিতিতে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। অনলাইনের এই সেবা পেতে ভোটারকে https://services.nidw.gov.bd সাইটে প্রবেশ করতে হবে। বন্ধের এই সময়ে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে সেবা পাওয়া যাবে।
অনলাইনে দেয়া সেবাগুলোর মধ্যে রয়েছে- জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি), জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন, নতুন ভোটার নিবন্ধন, এসএমএস সেবা।
তিনি আরো বলেন, যারা ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি, তারা এখন থেকেই অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে এনআইডি'র কপি সংগ্রহ করতে পারবেন। সরকারি ছুটি তথা 'লকডাউন' উঠে গেলে পরবর্তীতে মূল কপি পাবেন।
মোবাইলের এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাওয়ার পদ্ধতি: nid<formNo><dd-mm-yyyy> লিখে 105 প্রেরণ করতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর প্রেরণ করা হবে। উদাহরণ: 105 এ প্রেরণ করুন nid <Form No><dd-mm-yyyy> nid XXXXXXX 24-08-1992